জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুন ২৫ ২০২৬, ১৮:৩৬

মাজেদ আহমদ চৌধুরী:: জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হাসিব (৪০)। তিনি উপজেলার পশ্চিম লোহার মহল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাছন আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর এলাকার জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল হাসিবকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় জকিগঞ্জ উপজেলায় মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারিও অব্যাহত রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।