নীলসাগর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত , বহু হতাহতের শঙ্কা
নিউজ ডেস্ক
মার্চ ১৮ ২০২৬, ১০:০১
বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেন।
বুধবার দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের বেশকিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বগিচ্যুত ট্রেনটি লাইন থেকে ছিটকে গেছে। রেললাইনের স্লিপার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। লাইনচ্যুত বগি অপসারণে বেশ সময় লাগবে বলে স্থানীয়রা জানান।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, এখানে রেলের কাজ চলছিল। লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুতগতিতে ট্রেনটি আসায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় ছাদ থেকে লাফ দিয়ে অনেকেই আহত হয়েছেন।
এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সেটি এখনও জানা যায়নি। সংবাদটি সংগৃহীত।
