বিয়ানীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২ ২০২৬, ০৫:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিয়ানীবাজার উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইন ধরে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ চলবে নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। উপজেলার ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
