বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুন ০৭ ২০২৬, ১৮:১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া সহ-সভাপতি পদে ফাহিম সিনহাও একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে একক প্রার্থী হিসেবে আগামী ৪ বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। পূর্ণাঙ্গ মেয়াদে বিসিবির ১৭তম সভাপতি তিনি।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ এ ১২ জন পরিচালক পদে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ক্যাটাগরিতে ভোটার ছিলেন ৭৬ জন। তবে নির্বাচনে ভোট পড়েছে ৭৪টি। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম।

পরে পরিচালকদের সর্বসম্মতিক্রমে বিসিবির নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল থেকে হয় ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হয় ভোট। পরে ভোট গণনা শেষে জানা যায়, অনানুষ্ঠানিক ফলাফল। যেখানে সর্বোচ্চ ৭৩টি ভোট পান তামিম।

এর কিছুক্ষণ পর ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্বাচন কমিশন সদস্যরা। সব মিলিয়ে এদিন ভোট হয় ১৫টি পরিচালক পদে। ক্যাটাগরি-১ থেকে দুই বিভাগে ৩ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৫ জন। আর ক্যাটাগরি-২ থেকে ১২ পদের বিপরীতে ছিলেন ১৬ জন।