মে মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুন ০৬ ২০২৬, ১০:২৫

সিলেট বিভাগে গত মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটেছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

শনিবার (৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মে মাসে সিলেট বিভাগে মোট ৪২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হন। এর মধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট জেলায়। আর তুলনামূলকভাবে সবচেয়ে কম দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে মৌলভীবাজার জেলায়।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে বলা হয়েছে, মে মাসে সিলেট জেলায় ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হন এবং হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ঈদযাত্রা সময়ে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়।

নিসচা সিলেট বিভাগীয় কমিটি জানিয়েছে, এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নকশাগত ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে নিহতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। যানবাহনভিত্তিক হিসাবে ২০ জন মোটরসাইকেল ব্যবহারকারী, ১১ জন সিএনজি ও টমটম যাত্রী ও চালক, ১৮ জন অন্যান্য যানবাহনের চালক এবং ৯ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং অবকাঠামোগত কারণে সংঘটিত দুর্ঘটনাতেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

এর আগে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।