যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিয়ানীবাজারের গুলশান আর নেই
নিউজ ডেস্ক
মে ১৮ ২০২৬, ১৫:৩২
যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টার্লিং হাইটসে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও রিয়েলটর এমডি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সুতারকান্দি গ্রামের গুলশান আহমেদ। রোববার দুপুর ১টা ৭ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রায়ান রোডের ১৯ মাইল ও হল রোডের মাঝামাঝি এলাকায় সংঘটিত একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে বিউমন্ট হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে রায়ান রোড উভয় দিকেই সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমডি গুলশান আহমেদের মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, তিনি অত্যন্ত ভদ্র, সদালাপী ও ভালো মনের একজন মানুষ ছিলেন। কমিউনিটির বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটির অনেকেই গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন। সংবাদটি সংগৃহীত।
