সিলেটে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নি*হত
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ১৬:৫৮
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেলকে বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামে আরেক এএসআই।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।
জানা গেছে, পুলিশের এই দুই কর্মকর্তা দুপুর সোয়া ২টার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল বারাইকান্দি এলাকায় আসলে বালু বহনকারী ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থা বেশি গুরুত্বর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার আতিকুর রহমান মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় জড়িত ট্রাক চালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সালকে (২১) ট্রাকসহ আটক করা হয়। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
