সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
মে ০২ ২০২৬, ০৯:১১
সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের চার হাজার ৬৩৫ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২ মে) বেলা ১১টায় তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর। সিলেটে তার শ্বশুরবাড়ি।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
