সিলেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাস চালক ও হেলপারের

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ৩১ ২০২৬, ০৯:৪৮

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ঢাকাগামী অপর একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার হেলপার ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাতায়াত বাসের চালক সোহেল ও গুরুতর আহত অবস্থায় হেলপার ইমন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে। সংবাদটির তথ্য ও চিত্র সংগৃহীত।