সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
এপ্রিল ২৪ ২০২৬, ১৮:৫৩
ছবি : সংগৃহীত
হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
শুক্রবার সকাল ১০টার দিকে একজন এবং রাতে ৮টার দিকে আরও দুইজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
মৃত শিশুরা হলো- আরিফ (১০ মাস), তৌফিক (৫ মাস) এবং হুমায়রা (৯ মাস)।
তিনি বলেন, “রাতে মারা যাওয়া শিশুটির মধ্যে তৌফিক সুনামগঞ্জের বাসিন্দা। সে হাম, ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে ভর্তি হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।”
একইদিন রাতে ৯ মাস বয়সি হুমায়রা মারা যায় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান।
এদিন সকাল ১০টার দিকে দশ মাস বয়সি আরও এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরিফ নামের শিশুটি হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিল। সংবাদটি সংগৃহীত।
