সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১০:৫৭

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।