সুনামগঞ্জে পাটলাই নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
মে ৩১ ২০২৬, ১৪:০১
ছবি : সংগৃহীত
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটক তামিমের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের পাশ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে।
শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল একটি নৌকা যোগে টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পড়ে গিয়ে নিখোঁজ হয় তামিম।
ঘটনার পর তার সঙ্গে থাকা লোকজন, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের অদূরে নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
