সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মার্চ ২২ ২০২৬, ১৪:৩৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ- দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতের নাম মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) , শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে, ও আরোহী সাফিকুল ইসলাম (২৮), একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম নামের দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে মোটরসাইকেল করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় এসে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। আরোহী সাফিকুলের হাড় ভেঙে গাছের ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এবং অন্য দুই জনের মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল পাঁচটায় ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। আহত আরেক বন্ধু গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বললেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। অন্য আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলি উল্যাহ বলেন, ‘ গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ পাওয়া যায় নি।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানালেন ,দুর্ঘটনায় আহত আরও একজনকে ওসমানী হাসপাতালে নেবার পর বিকেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।