হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১৭:২৬

হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে গিয়ে ঘাস খায়। এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরজেরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।