জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কলে প্রতিমন্ত্রীর নজরদারি
নিউজ ডেস্ক
মার্চ ২৩ ২০২৬, ১৫:০২
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার খোঁজ নিতে আকস্মিকভাবে ভিডিও কলে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে নিজ এলাকা সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোরসহ বিভিন্ন ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে একজনকে অনুপস্থিত দেখতে পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভিডিও কলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসক, নার্স ও কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলেন এবং ঈদের ছুটিতে দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকার মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।’
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন। তৃণমূল পর্যায়ে যেন নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
এ সময় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
