পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবি: এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
মার্চ ২৬ ২০২৬, ০৮:২০
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর কোনো নিখোঁজের সংবাদ পেলে উদ্ধার কাজ আবার শুরু করা হবে। একইসঙ্গে এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে ফরিদপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টুন থেকে পড়ে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিকভাবে কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও, বেশিরভাগ যাত্রীই নিমজ্জিত হয় জলে। প্রায় ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার করা হয়। এরপর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একের পর এক মরদেহ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসে যাত্রী ছিল ৪০ থেকে ৪৫ জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলেও বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া দুই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের।
