সিলেটে জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
মার্চ ২৮ ২০২৬, ১১:৪৯
সিলেটের দুই ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত
সিলেটের দুই ডিপোর নিরাপত্তায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে চোরাচালান ও মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট নগরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ মার্চ থেকে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো হতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি, অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংবাদটি সংগৃহীত।
