আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
নিউজ ডেস্ক
এপ্রিল ১৫ ২০২৬, ১৯:৩২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি এতে লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
এছাড়া, সবার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ জানান। পাশাপাশি বাকি সময়টাতেও তার পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন তিনি।
