সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
নিউজ ডেস্ক
মে ০৩ ২০২৬, ০৬:৪৭
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। আজ রবিবার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।
মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম। তিনি সিলেট মিরর-কে বলেন, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। আহতের সংখ্যা আরো বেশি থাকতে পারে। হতাহতদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
