মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুন ১৪ ২০২৬, ১৪:৫১

সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

রোববার (১৪ জুন) দুপুরে তিনি বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সিলেট মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান।

পরে ডা. শফিকুর রহমান মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে তিনি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি মরহুমের দ্বীনি, শিক্ষাবিষয়ক ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সফরের একপর্যায়ে আমীরে জামায়াত মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি তিনি মরহুমের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সফরের বিভিন্ন পর্যায়ে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ মহানগরী ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।