কাতারের সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৫ জন নিহত
নিউজ ডেস্ক
জুন ২১ ২০২৬, ১৬:৪০
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী যুবক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) আল শাহানিয়া শহরের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই উপজেলার বাসিন্দা এবং কাতারে একসাথে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। একই দুর্ঘটনায় ওই গাড়ির চালক হিসেবে থাকা একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসা থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন জসিম, জিবাল, মস্তাক, জুবায়ের, কাদের এবং তাদের ভারতীয় সহকর্মী। পথে আল শাহানিয়া শহরের সামাল সড়কে গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তারা সকলে প্রাণ হারান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫ জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। সেখানে আইনি ও প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ লাশ দেশে ফিরতে পারে।’
এই যুবকদের অকাল মৃত্যুতে পুরো কানাইঘাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো এখন তাদের প্রিয়জনদের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছে। সরকার ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদটি সংগৃহীত
