বিয়ানীবাজারের চারখাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ১
নিউজ ডেস্ক
জুলাই ০২ ২০২৬, ১০:৫২
ছবি : সিলেট ডেইলি টাইমস
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজারের চারখাইয়ের কাঠলিপুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখি বিআরটিসি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময়ে ঘটনাস্থলে একজন মারা যান এবং আরও দুইজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও ২জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।’
