চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, জনজীবন বিপর্যস্ত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৪ ২০২৬, ১৬:২৭

ছবি : সিলেট ডেইলি টাইমস

সিলেটে আষাঢ়ের শেষ লগ্নে এসে তীব্র দাবদাহে পুড়ছে পুরো অঞ্চল। শনিবার সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে, এটিই এ বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে থার্মোমিটারের চেয়েও শরীরে অনুভূত প্রকৃত গরম অনেক বেশি ছিল। যার ফলে সকাল থেকেই আগুনের হলকার মতো তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার দুপুরের দিকে নগরের প্রধান প্রধান সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। তীব্র রোদের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হননি। সেই সাথে যানবাহন চলাচলও ছিল কম। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও কুলি-শ্রমিকেরা।

এসময় অনেকে একটু শীতলতার খোঁজে গাছের ছায়ায় বা ফুটপাতে আইসক্রিম ও ঠাণ্ডা লেবুর শরবত খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন।

সিলেট আবহাওয়া অফিসের উপ- সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজ বিকেল ৩ টার দিকে ছিল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি। সে অনুযায়ী সিলেটে এখন মৃদু তাপপ্রবাহ চলছে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা অনেক বেশি। আগামী দু-এক দিন এই গরমের ভাব বজায় থাকতে পারে, তবে আকাশ মেঘলা হলে বা কোথাও কোথাও হালকা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।