সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৬ ২০২৬, ১৬:০৩

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন-অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাদের ছেলে ফরহাদ (৩০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে নুরুল আমিনের বাড়ির সামনে থাকা তাদের মুদির দোকানের টিনের চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে চালের ওপর পড়ে। এতে পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়।

এ সময় দোকানের চালের ওপর থাকা ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়েন। তাকে উদ্ধার করতে গেলে তার বাবা নুরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে ফাতেমা বেগমও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদটি সংগৃহীত