আদিনাবাদ মাদ্রাসায় বিয়ানীবাজারের সুধীজনদের সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ০২ ২০২৬, ১৪:১৩

সুফী সাধক মরহুম ফয়জুর রহমান (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের উপস্থিতিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালক, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমীন সাদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওরের পীর সাহেব খ্যাত শায়খ সালেহ নজীব আল আইউবি, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব আহমাদ, বৈরাগীবাজার যুব ফোরামের সভাপতি ও সমাজসেবী আব্দুর রহিম এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাস্টার আলী আহসান।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. শামসুল হক, মাওলানা আবদুল হক, জামায়াতে ইসলামী কুড়ারবাজার শাখার সেক্রেটারি এহসানুল হক জুবায়ের, জাহিদ হাসান জুবায়ের, হাফিজ আল ইমরান, আব্দুল্লাহ আল মামুন এবং বিলাল মাহমুদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসার কোষাধ্যক্ষ জনাব বাবর চৌধুরী ও নায়েবে মুহতামিম মাওলানা শিব্বির আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী মুহতামিম মুফতী আবদুল্লাহ আল মাসনূন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা এ অঞ্চলের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দ্বীন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলেম-উলামা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তাঁরা মাদ্রাসার চলমান শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে যুগের চাহিদা অনুযায়ী কুরআন-সুন্নাহর আদর্শে সুদক্ষ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল দাঈ তৈরিতে মাদ্রাসার উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।